ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত ‘দ্য ওডিসি’ মুক্তির প্রাক্কালে গ্রিক মহাকাব্য অবলম্বনে আরেকটি ভিন্নধর্মী সিনেমার ঘোষণা এসেছে। ‘ড্রিমস অফ ভায়োলেটস’খ্যাত পরিচালক অ্যাশ কুশা নির্মাণ করেছেন সম্পূর্ণ এআইনির্ভর সিনেমা ‘ওডিসিউস : দ্য ফল’। ১৩৫ মিনিট দৈর্ঘ্যরে এ সিনেমাটি তৈরি করেছে এআই ফিল্ম স্টুডিও ফাউন্টেইন জিরো। কুশা জানান, শৈশব থেকেই ওডিসিউস চরিত্রের প্রতি তার গভীর আকর্ষণ ছিল। সেই ব্যক্তিগত ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গি থেকেই তিনি সিনেমাটি নির্মাণ করেছেন। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে এআই ভিডিও জেনারেটর কেলিং। প্রচলিত চিত্রনাট্যের বদলে নোট ও ধারণার ভিত্তিতে নির্মাণ হওয়ায় পুরো প্রক্রিয়াজুড়ে গল্প ও দৃশ্য পরিবর্তনের সুযোগ ছিল। বর্তমানে সিনেমাটি পোস্ট-প্রোডাকশনে রয়েছে এবং চলতি গ্রীষ্মের শেষদিকে ফাউন্টেইন জিরো-এর ওয়েবসাইটে ভাড়া বা কেনার জন্য উন্মুক্ত করা হবে। সিনেমাটিতে ১২ জন বাস্তব মানুষের চেহারার ডিজিটাল প্রতিরূপ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে পরিচালক কুশার নিজস্ব চেহারাও রয়েছে। তার প্রতিরূপ দিয়েই তৈরি করা হয়েছে ওডিসিউস চরিত্রটি। ফাউন্টেইন জিরো-এর নির্বাহী চেয়ারম্যান টম রজার্সের মতে, এ প্রকল্পের উদ্দেশ্য নোলানের সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করা নয়; বরং এআই সিনেমা নির্মাণ কতদূর এগিয়েছে, তা প্রদর্শন করা।


